মিয়ানমারের ইয়াঙ্গুনের দুর্ঘটনায় পড়া যাত্রীদের ছাড়াই বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট। যাত্রী হিসেবে ছিলেন অপেক্ষমাণ ১৭ জন।
ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া উড়োজাহাজে আহত ১৪ যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহত চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। জানা গেছে, আহত যাত্রীরা কিছু আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরবেন।
এর আগে বুধবার রাত ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বুধবার বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি বেলা পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমার সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় উড়োজাহাজটি ছিটকে পড়ে।
এই ফ্লাইটে একটি শিশুসহ ৩৩ জন আরোহী ছিলেন। গুরুতর আহত একজনের পা ভেঙে যায়। আহতদের ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়।
উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, কানাডা, চীন, ভারত, ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি উড়োজাহাজটির অগ্রভাগ ও দুটি পাখাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
