সুইজারল্যান্ডে উষ্ণ প্রেমে মজেছেন রণবীর-আলিয়া

আপডেট : ০৯ মে ২০১৯, ০১:৪২ পিএম

তারকারা কোথায় কী করছেন তার খবর ভক্তরা নিশ্চয়ই রাখেন। বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এ খবর ভক্তদের আর অজানা নেই।

তাদের সেই ছুটি কাটানোর ছবি আপাতত ফ্যানদের সৌজন্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ছবিটি সোশাল মিডিয়ার বিভিন্ন ফ্যান ক্লাব বার বার শেয়ার করছে।

ছবিতে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের ওভারকোট পরে। রণবীর পরেছেন কালো পোশাক। দু'জনকেই দারুণভাবে পোজ দিতে দেখা গেছে। আলিয়া ভাট এবং ব্রহ্মাস্ত্র সিনেমার পরিচালক অয়ন মুখার্জি ও তার টিম শেষ কয়েক দিন ধরেই লন্ডনে ছিলেন। সেখান থেকেই সম্ভবত একটি ছোট্ট ছুটি ম্যানেজ করে রণবীর এবং আলিয়া উড়ে গিয়েছেন সুইজারল্যান্ডে।

গত সপ্তাহে অয়ন মুখার্জি একটি ছবি পোস্ট করেছিলেন, সেখানে তাকে আলিয়াকে এবং তার টিমের আরো কয়েকজনকে দেখা যাচ্ছিল। ছবিটি তোলা হয়েছিল বিমানবন্দরে। অয়ন ক্যাপশনে লিখেছিলেন 'অ্যাডভেঞ্চার অফ এ লাইফ টাইম'।

রণবীর কাপুর এবং আলিয়া ভাট বেশ কিছুদিন ধরেই ডেট করছেন, তাদের বিভিন্ন পার্টিতে একসঙ্গে যেতেও দেখা যায়। আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতেও মাঝেমধ্যেই রণবীরের উপস্থিতি জ্বলজ্বল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত