বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি ২২ মে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথমদিন ২২ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ওই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দলের সিনিয়র নেতারা।
একই দিন ড্যাবের উদ্যোগে বিনামূলে চিকিৎসা প্রদান, মহানগর বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ করা হবে।
বিএনপির সহযোগী সংগঠন জাতায়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী হবে।
এছাড়া সারাদেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের শাখাসমূহের সুবিধা অনুযায়ী সময়ে আলোচনা সভার আয়োজন করবে।
যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
