ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া এলাকায় শিশু ধর্ষণ মামলায় তারিকুল ইসলাম (২৬) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।
মামলা বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারি পড়ুয়া এক শিশুকে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরদিন নির্যাতিতার বাবা বাদী হয়ে তারিকুল ইসলামকে আসামি করে মহেশপুর থাকায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন বিচারক।
