পুরোনো সম্পর্কের সূত্র ধরে হৃতিক রোশনকে প্রায়ই বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করেন কঙ্গনা রনৌত। কিন্তু ব্যক্তিগত জীবনে তো নয়ই, কর্মজীবনেও এই নায়িকাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে একটি দীর্ঘ পোস্ট করে হৃতিক জানান, ২৬ জুলাই তার সিনেমা ‘সুপার থার্টি’ মুক্তি পাবে না। প্রযোজক তারিখ পরিবর্তনের অনুরোধ করেছেন। কারণ ওই দিন কঙ্গনার ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ মুক্তি পাচ্ছে।
যদিও এর আগে জানানো হয় ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ২১ জুন। পরে প্রযোজক একতা কাপুর ‘সুপার থার্টি’র সঙ্গে ২৬ জুলাই মুক্তির ঘোষণা দেন। এরপর কঙ্গনার বোন রঙ্গোলি দাবি করেন হৃতিকের সঙ্গে ঝামেলার সুযোগ নিচ্ছেন প্রযোজক। তবে একতা জানান, এটা পুরোপুরি ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত।
এই খবর প্রকাশ্যে আসার পরই দুই তারকার ভক্তরা সোশ্যাল-যুদ্ধ শুরু করে দেন। যার সুযোগ নিতে চেয়েছিলেন কঙ্গনা।
তবে সব আলোচনায় পানি ঢেলে দেন হৃতিক। তিনি টুইটারে লেখেন, “আমি আমার ছবির সঙ্গে কোনো প্রকার মিডিয়া সার্কাস চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি ‘সুপার থার্টি’র মুক্তির দিন পিছিয়ে দেওয়ার। আমি এ নিয়ে কোনো রকম যন্ত্রণা ও ঈর্ষা চাই না। যদিও ছবিটি মুক্তির জন্য তৈরি। প্রযোজকেরা উপযুক্ত দিন দেখে মুক্তির সময় স্থির করবেন।”
‘সুপার থার্টি’তে হৃতিকের বিপরীতে আছেন মৃণাল ঠাকুর। অন্যদিকে ‘মেন্টাল হ্যায় ক্যায়া’য় কঙ্গনার নায়ক রাজকুমার রাও।
