ঘূর্ণিঝড় ফণির ছোবলে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় ভারতের ওডিসা রাজ্য। এতে ৪১ জনের মৃত্যু হয়। ঝড়টি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকায় বড় ধরনের প্রাণহানি রোখা গেছে।
তবে ফণির হাত থেকে একটি হাসপাতালের ২২ নবজাতক শিশুর অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামনে এসেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ৩ মে সকালে ওডিসার উপকূলে আঘাত হানে ফণি। এত ঝড়ের প্রচণ্ড বেগে লন্ডভন্ড হয়ে যায় স্থানীয় ক্যাপিটাল হাসপাতাল। রক্ষা পায়নি এর প্রসূতি বিভাগও। এতে ছিল সদ্য জন্ম নেওয়া ২২টি শিশু। কিন্তু হাসপাতালে কর্মরতরা প্রাণের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচান এসব শিশুকে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রচণ্ড ঝড়ো বাতাসে তছনছ হয়ে যায় সিক অ্যান্ড নিউ বর্ন কেয়ার ইউনিট। সিলিং, ইলেকট্রিক ফিটিং ও গ্যাজেটগুলি ভেঙে ভেঙে পড়া শুরু করেছিল। সেই সময় ইউনিটটিতে ২২টি সদ্যোজাত শিশু ভর্তি ছিল।
৭ জন নার্স, ২ জন সহকারী ও ২ জন মেডিকেল অফিসার তখন ডিউটিতে ছিলেন। প্রাণের ঝুঁকি নিয়ে এসব শিশুকে তারা নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।
এমন সাহসিকতা এবং দায়িত্বশীলতার কারণে সেদিন দায়িত্ব থাকা কর্মীদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
