ঢাকা বারের সদস্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট পলাশ কুমার রায় (৩৬) পঞ্চগড় জেলা কারাগারে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল মৃত্যুর ঘটনায় গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পঞ্চগড় জেলা শাখা।
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পলাশের মা আটোয়ারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মীরা রানী বলেন, সুপরিকল্পিতভাবে আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’ মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা উদীচীর সভাপতি শফিকুল আলম, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জাতীয় হিন্দু মহাজোটের সদস্য উত্তম কুমার মজুমদার, অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, অ্যাডভোকেট ধীনেন্দু রায়, অর্জুন কুমার ভৌমিক বক্তব্য দেন। বক্তারা জেলের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
