লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরে মাছঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর তীর চান্দার খালে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ৯ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরে চরবংশী ইউনিয়নের চান্দার খাল নামক স্থানে দীর্ঘদিন সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার সংস্কার করে মাছঘাট বসিয়ে ব্যবসা করছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফসহ তার কমিটি বিলুপ্ত করে ওসমান খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগ। কমিটি গঠনের পর থেকে ওসমান খান ও আলতাফ হোসেনের অনুসারীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একাধিক মামলাও করে। গতকাল শুক্রবার দুপুরে ওসমান খাঁ নতুন একটি মাছঘাট করতে গেলে এতে বাধা দেন আলতাফ হোসেন হাওলাদারের অনুসারী মফিজ খাঁ, আজগর সর্দার ও সুমন হাওলাদারসহ কয়েকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন।
