ভারতের বিশিষ্ট অভিনয় গুরু রোশন তানেজা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, বলিউডের একটি যুগের অবসান হলো।
রোশন শুক্রবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ছেলে রোহিত তানেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
রোশনের কাছেই অভিনয় শিক্ষার হাতেখড়ি নেন শাবানা আজমি, জয়া বচ্চন, নাসিরুদ্দিন শাহ, শত্রুঘ্ন সিনহা ও অনিল কাপুরের মতো আরও অনেক নামী অভিনেতারা।
১৯৬০ এর দশকে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় শিক্ষকতা করেছেন এই অভিনয় ব্যক্তিত্ব। পরবর্তী জীবনে মুম্বাইয়ে শুরু করেন রোশন তানেজা স্কুল অব অ্যাকটিং।
দীর্ঘ দিন অসুস্থ ছিলেন রোশন তানেজা। স্ত্রী মিঠিকা ও দুই ছেলে রোহিত ও রাহুল বর্তমানকে রেখে গেছেন তিনি।
শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ের সান্তা ক্রুজের শ্মশানে রোশনের শেষকৃত্য সম্পন্ন হবে।
হিন্দি চলচ্চিত্রে মেথড অ্যাকটিং-এর স্রষ্টা বলা হয় রোশন তানেজাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাবানা আজমিসহ বলিউডের অনেকে শিল্পী।
