প্রাঙ্ক ভিডিও (মজার ভিডিও) করার উদ্দেশ্য নিয়ে সাত মাসের ছেলেকে দোকানে বন্ধক রাখতে গিয়ে বিপাকে পড়েছেন ফ্লোরিডার এক ব্যক্তি। দোকানের মালিক বিষয়টিকে ‘সিরিয়াস’ মনে করে পুলিশে খবর দেন। কয়েক মিনিটের মধ্যে তার দরজায় ১২ জন পুলিশ হাজির হন! খবর ডেইলি মেইলের।
ব্রায়ান স্লোকাম নামের ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি দোকানিকে বলেন, ‘ছেলে কোনো কাজে লাগে না, একে বন্ধক রাখলে কত টাকা পাওয়া যেতে পারে?’
ব্রায়ানের আচরণ সন্দেহ হলে পুলিশে খবর দেন দোকান মালিক রিচার্ড জোর্ডান। পুলিশ ব্রায়ানকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি বুঝতে পারে।
তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু সতর্ক করা হয়েছে। কিছুদিন নজরদারিতেও থাকতে হবে।
এখানেই শেষ নয়। বিষয়টি গোয়েন্দা বিভাগ পর্যন্ত গড়িয়েছে। তারা তদন্ত করে জানতে পেরেছে শিশুটি আসলেই ব্রায়ানের সন্তান এবং তার কাছেই সে নিরাপদ। ফ্লোরিডার চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসের সাহায্য নিয়ে ওই তদন্ত চালানো হয়।
