বৌদ্ধ ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)।
এতে পশ্চিমবঙ্গজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার।
শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, রোববার বৌদ্ধ পূর্ণিমায় বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) অথবা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস হামলার পরিকল্পনা করছে। সম্ভাব্য এ হামলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বৌদ্ধ মন্দিরগুলোতে হতে পারে বলে জানিয়েছে আইবি।
শুক্রবার এই সতর্ক বার্তা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
গত মাসে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর পশ্চিমবঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়। হিন্দু ও বৌদ্ধ মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
বিজনেস টাইমসের খবর বলছে, শ্রীলঙ্কায় হামলার জন্য ন্যাশনাল তাওহিদ জামাতকে (এনটিজে) দায়ী করে আসছে লঙ্কান কর্তৃপক্ষ। এনটিজে’র সঙ্গে জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার (জেএমআই) ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে এর আগে বলেছিলেন, শ্রীলঙ্কার সিরিজ হামলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারতীয় শাখা জেএমআই জড়িত থাকতে পারে।
ভারতে জেএমআই’র কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক খবরে ভারতে তাদের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।
