দলের স্বার্থে বাইরে থাকতেও আপত্তি নেই মিরাজের

আপডেট : ১১ মে ২০১৯, ১১:০৫ পিএম

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে হলে সেটি খুশি মনেই মেনে নেবেন মেহেদী হাসান মিরাজ। তার কাছে দলের স্বার্থটাই যে সবার আগে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্যতম কান্ডারি মিরাজ। অলরাউন্ডার হলেও দলে তার মূল ভূমিকা স্পিনারের। সাকিব আল হাসান সেখানে প্রথম পছন্দ।

বিশ্বকাপে অনেক ম্যাচে দুই স্পিনার নিয়ে নাও খেলতে পারে বাংলাদেশ। কন্ডিশন বা পরিস্থিতি বিবেচনায় চার পেসার নিয়েও খেলতে পারে টাইগাররা। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মিরাজকে একাদশের বাইরে থাকতে হতে পারে।

তবে মিরাজ বলছেন, ‘‘আসলে একটা জিনিস কি, টিম কম্বিনেশনের জন্য অনেক কিছু হতে পারে। এটা টিমের জন্য। আর আমরা তো দলের জন্যই খেলি। টিম কম্বিনেশনের জন্য যদি বাইরে বসে থাকতে হয়, আমাকে না খেলতে হয়, এটা টিমের সিদ্ধান্ত। আমার কোনো সমস্যা নেই।’’

‘‘আমার কাছে মনে হয় আমি যখনই, যতটুকু সুযোগ পাই, চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো কিছু করতে।’’- যোগ করেন মিরাজ।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। যে ম্যাচে দারুণ বল করেন মিরাজ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। লিগ পর্বে দুই দলের বিপক্ষে আরো একবার করে মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে জায়গা পেলে থাকবে আরো এক ম্যাচ।

বিশ্বকাপের আগেই এই সিরিজকে প্রস্তুতির ভালো ক্ষেত্র মানছেন মিরাজ, ‘‘এই টুর্নামেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা যদি এমন একটা টুর্নামেন্টে ভালো খেলতে পারি, নিজের প্রিপারেশন শতভাগ দিয়ে বিশ্বকাপে যেতে পারি, আমাদের জন্য দারুণ হবে। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ।’’

তবে বিশ্বকাপ যে এর চেয়েও চ্যালেঞ্জিং হবে সেটি মনে করিয়ে দিলেন মিরাজ, ‘‘বিশ্বকাপে আরো অনেক চ্যালেঞ্জ থাকবে। সেখানে ভালো করার প্রত্যাশা থাকবে সবারই।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত