তারা সবাই সুপারস্টার। কেউ কর্মসূত্রে, তো কেউ আবার বিবাহসূত্রে। তাদেরও কিন্তু ঘর-সংসার সামলাতে হয়। ছেলেমেয়ে, সংসার সামলে আবার ছুটে যান শুটিংয়েও। মা দিবসে বলিউডের এ রকম গ্ল্যামারাস মায়েদের দেখে নিতে পারেন এক নজরে-
লিজা হেডেন: একসময় চুটিয়েঅভিনয় করেছেন। তবে এই মুহূর্তে ছেলে জ্যাককে নিয়েই ব্যস্ত তিনি। তার মধ্যেই উঠতি মডেলদের গাইড করেন। অংশ নেন বিভিন্ন রিয়্যালিটি শোয়েও।

শিল্পা শেট্টি: ছেলে ভিয়ান এবং স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে নিউক্লিয়াস পরিবার শিল্পার। তাই বলে শুধু সংসার নিয়ে ব্যস্ত নন তিনি। বরং একাধিক টেলিভিশন শোয়ে কাজ করছেন।
মালাইকা অরোরা: চল্লিশের পরেও যে নতুন করে জীবন শুরু করা যায়, বুঝিয়ে দিয়েছেন মালাইকা। ছেলে আরহানের বয়স ১৬ পেরিয়েছে। কিন্তু মালাইকাকে দেখে তা বোঝার উপায় নেই। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে জীবনটাকে উপভোগ করছেন তিনি। পাশাপাশি ফিটনেস এবং লাক্সারি ক্লোদিংয়ের ব্যবসাও রয়েছে তার।
কারিনা কাপুর: জনপ্রিয়তার শিখরে থাকাকালীন বিয়ে করেন সাইফ আলি খানকে। তবে বিয়ের পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মা হওয়ার পরও ঘরে বসে থাকেননি কারিনা। বরং ছেলে তৈমুরকে নিয়েই মাঝেমধ্যে শুটিংয়ে পৌঁছে যান।

সুস্মিতা সেন: বিয়ে করেননি। তাই বলে কাঁধে দায়িত্ব কম নয়। দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়েই সংসার সুস্মিতা সেনের। তাদের পড়াশোনা থেকে শখ— সবকিছুরই খেয়াল রাখেন তিনি। তার মধ্যেই নিজের কাজ সামলান।
মীরা রাজপুত: বয়স মাত্র ২৪ বছর। তার মধ্যেই দুই সন্তানের মা হয়ে হয়েছেন শহিদ কাপুরের স্ত্রী। ওয়ার্কিং ওম্যানদের নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধিয়েছিলেন একসময়। তবে ইদানি তিনি নিজেও টুকটাক কাজ করছেন। বিখ্যাত প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

জেনেলিয়া ডি’সুজা: স্বামী রিতেশ দেশমুখ এবং দুই ছেলে রিয়ান এবং রাহিলকে নিয়ে সংসার জেনেলিয়ার। বিয়ের পর সেভাবে অভিনয়ে না ফিরলেও, বিজ্ঞাপন এবং নারী স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত মুখ দেখান।
সুজান খান: বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামী হৃতিক রোশনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তার। দুই ছেলে রিধান এবং রেহানেকে নিয়ে মাঝেমধ্যেই একসঙ্গে সিনেমা দেখতে যান। বেড়াতেও যান একসঙ্গে। পাশাপাশি নিজের ব্যবসাও চালান সুজান।

টুইঙ্কল খান্না: স্বামী অক্ষয়কুমার এবং দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে তার সংসার। ইন্টিরিয়র ডেকোরেশনের ব্যবসাও রয়েছে টুইঙ্কলের। তবে ইদানি লেখালেখিতে মন দিয়েছেন। বেশ কয়েকটি বইও রয়েছে তার।
গৌরী খান: একসময় শাহরুখ খানের স্ত্রী হিসেবেই মায়ানগরীতে পরিচিত ছিলেন গৌরী খান। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেছেন তিনি। তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রাম এবং তারকা শাহরুখ খানের সঙ্গে ঘর করার পাশাপাশি নিজের ইন্টিরিয়র ডেকোরেশনের ব্যবসাও সামলান তিনি।

ঐশ্বরিয়া রাই বচ্চন: বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক, শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়াকে নিয়ে ভরা সংসার। তার মধ্যেই পুরোদস্তুর ওয়ার্কিং ওম্যান ঐশ্বরিয়া। সুদূর কান চলচ্চিত্র উত্সবেও নিয়ম করে দেখা দেন। মেয়েকেও নিয়ে যান সঙ্গে।
