মন্দিরের পাঁচিল টপকে থানায় আশ্রয় নিলেন সেই ভারতী

আপডেট : ১২ মে ২০১৯, ০২:২৩ পিএম

উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে তৃণমূল কর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। উল্টো ভোটের দিন রোববার ওই রকম মার খাওয়ার মুখে পড়েছিলেন নিজেই।

আনন্দবাজার জানায়, কেশপুর বাজারের সামনে ভারতীর গাড়ি আটকায় পুলিশ। পুলিশের দাবি, নির্বাচন কমিশন থেকে এই গাড়িতে ঘোরার জন্য অনুমতি নেওয়া হয়নি।

গাড়ি বাজেয়াপ্ত করার প্রতিবাদে স্থানীয় এক কালী মন্দিরে ধর্নায় বসে পড়েন পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে বিজেপির এই প্রার্থী।

এসময় কালী মন্দির লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুড়তে থাকে। হামলার হাত থেকে বাঁচতে কোনো রকমে মন্দিরের পাঁচিল টপকে বেরিয়ে থানায় আশ্রয় নেন ভারতী।

পরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গাড়িতে দুই কোটি টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন ভারতী ঘোষ। পুলিশের তল্লাশিতে চারটি গাড়িতে টাকাসহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস।

ভোট শুরুর আগ থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। স্বর্ণ প্রতারণাসহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার। স্বর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে তৃণমূল কর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত