প্রধান শিক্ষক সেজে নিউজিল্যান্ডে প্রশিক্ষণ

আপডেট : ১২ মে ২০১৯, ১১:১১ পিএম

প্রধান শিক্ষক সেজে প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড যাওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর রানীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সোবাহান মৃধার বিরুদ্ধে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পরিচালনা কমিটি কিংবা শিক্ষা অফিসকে না জানিয়ে বিদেশ যাওয়ায় সব মহলে চলছে নানা আলোচনা।

বিষয়টি জানার পর রানীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রোগ্রাম-১) ড. মীর জাহীদা নাজনীন স্বাক্ষরিত বৈদেশিক প্রশিক্ষণ বিষয়ে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় প্রতিষ্ঠিত আইসিটি লার্নিং সেন্টারগুলোর প্রতিষ্ঠানপ্রধানদের (অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার) নিউজিল্যান্ডে বৈদেশিক প্রশিক্ষণের লক্ষ্যে সরকারি আদেশ জারি করা হয়।

এর আলোকে রানীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) আবদুস সোবাহান মৃধা কাউকে না জানিয়ে জালিয়াতি করে প্রধান শিক্ষক সেজে প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড যান। তিনি এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানুসহ কাউকে জানাননি। এমনকি প্রতিষ্ঠান থেকে ছুটি কিংবা প্রত্যয়নও নেননি সোবাহান মৃধা। গত ২৩ এপ্রিল থেকে বিদ্যালয়ে অনুপস্থিত হওয়ায় তথ্যানুসন্ধানে বিষয়টি জানতে পারে বিদ্যালয় কর্র্তৃপক্ষ।

গত ৫ এপ্রিল থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে পালন করছেন মোরশেদা বানু। বিষয়টি জানাজানি হলে তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রোগ্রাম পরিচালক সেসিপ, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রানীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানু বলেন, তার নিউজিল্যান্ডে প্রশিক্ষণের বিষয়ে কিছুই জানি না। লিখিত অভিযোগের মাধ্যমে সব ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। দেশে ফিরে তিনি তিন-চার দিন আগে তিনি বিদ্যালয়ে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে কাজে যোগদান করতে দেওয়া হয়নি।

রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, তিনি অবশ্যই জালিয়াতি করে বিদেশ গেছেন, দেশে ফিরে আসার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রানীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, সহকারী শিক্ষক আবদুস সোবাহান মৃধা দেশে ফিরে আসার পর তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত