সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে ‘গুমের’ প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে মালশাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ম-লের জানাজা শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে স্টেডিয়াম রোড থেকে সাদা পোশাকধারী সিরাজগঞ্জ সদর থানার ছয় পুলিশ কর্মকর্তা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ সানুকে আটকের বিষয়টি অস্বীকার করে। বক্তারা অবিলম্বে সানুকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান। মানববন্ধনে জেলা বিএনপির নেতাকর্মী, নিখোঁজ সানুর পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আবু দাউদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
