সামনের চাকাহীন বিমানকে বিস্ময়করভাবে রক্ষা পাইলটের

আপডেট : ১৩ মে ২০১৯, ০৯:৩১ এএম

আকাশে থাকতে বুঝতে পারলেন ল্যান্ডিং গিয়ারে সমস্যা। থতমত পাইলট নিজেকে ওই মুহূর্তে শান্ত রাখলেন। পেশাদারি মনোভাব আর দক্ষতার চূড়ান্ত পরীক্ষা দিয়ে বিমানটিকে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করান মিয়ানমারের ওই পাইলট।

রোববার মান্দালয় এয়ারপোর্টে এই ঘটনাটি ঘটে।

এনডিটিভি জানিয়েছে, মিয়ানমারের সরকারি বিমান সংস্থা, মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান ইয়াঙ্গুন থেকে মান্দালয় এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। পাইলট বুঝতে পারেন সামনের ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা রয়েছে। তাই তিনি অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সামনে দিয়ে বার দুয়েক উড়ে যান। যাতে সেখান থেকে দেখা যায় ল্যান্ডিং গিয়ার ওঠা নামা করছে কিনা।

এরপরই পাইলট নিশ্চিত হন ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। ফলে ওই ল্যান্ডিং গিয়ার ছাড়াই তাকে অবতরণ করতে হবে।

এরপর আপৎকালীন কার্যপ্রণালী মেনে জ্বালানি প্রায় পুরোটাই পুড়িয়ে দেন। এতে দুটি সুবিধা, প্রথমত ল্যান্ডিংয়ের সময় জ্বালানিতে আগুন লাগার সম্ভাবনা কমে যায়। আর বিমানের ওজনও কিছুটা কম হয়। ফলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ কমে।

বিমানটি অবতরণের সময় সামনের চাকা মাটি ছোঁয়ার বদলে মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে যায়। আগুনের ফুলকিও দেখা যায়। এক সময় গতি কমে থেমে যায় বিমানটি।

মিয়ানমারের সিভিল অ্যাভিয়েশন বিভাগের উপ-মহাপরিচালক হুটাট হুয়াং এএফপিকে বলেন, বিমান চালক ক্যাপ্টেন মিয়াত মো অং অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। কোনও যাত্রী আহত হননি। বিমানটিতে যান্ত্রিক কী ত্রুটি ছিল তদন্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত