পাকিস্তানে বিমান হামলা নিয়ে নতুন করে মন্তব্য করে সামাজিকযোগাযোগ মাধ্যমে তুলোধুনো হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তানি রাডারকে ফাঁকি দিতে পেরেছিল ভারতীয় যুদ্ধ বিমান। এতে দেশের পাইলটরা দারুণ সুযোগ পায়।
রুশ চ্যানেল আরটি জানায়, শনিবার একটি স্থানীয় টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি এ মন্তব্য করেন।
ফেব্রুয়ারিতে পুলওয়ামায় স্বাধীনতাকামীদের হামলায় আধা সামরিক বাহিনীর ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান যুদ্ধ নিয়ে এমনটা বলেন তিনি।
সে ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। খারাপ আবহাওয়ার কারণে মেঘ থাকায় পাকিস্তানের রাডারকে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছিল, এমনটা মত মোদির।
তিনি বলেন, হঠাৎ করে আবহাওয়া খারাপের দিকে রূপ নিল। এমন পরিস্থিতিতে হামলা চালানো যায় কিনা তা নিয়েও আমাদের সন্দেহ ছিল।
সে সময় সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে অনেকেই মোদিকে এ অভিযান থেকে পিছিয়ে আসতে বলেন। তখন মোদি তাদের জানান, এ অভিযান গোপন রাখতে চাইলে এখনই হামলা চালানো উচিত। মেঘের কারণে পাকিস্তানি রাডারকে ফাঁকি দেওয়া সম্ভব হবে বলেও মোদি পরামর্শ দেন।
তার পরামর্শই শেষমেশ ঠিক হয়েছিল এবং পাকিস্তানে হামলা করে পালিয়ে আসা সম্ভব হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
বিমানবাহিনীকে সামর্থ্যকে হেয় করে মোদির এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাসির রোল পড়ে গেছে।
সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি বিজেপির নিজস্ব টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। চরম সমালোচনার শিকার হওয়ায় পরবর্তীতে সেটি মুছে ফেলা হয়।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটার বার্তায় বলেন, দেখেন, টুইটার পোস্টটি মেঘের ভিড়ে হারিয়ে গেছে। ভাগ্যিস এর স্ক্রিনশটগুলো সহায়তা দেওয়ার জন্য আশপাশে ভেসে বেড়াচ্ছে।
ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দেশটিতে যুদ্ধবিমান দিয়ে হানা দেয় ভারত।
পরদিন ভারতের আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান হানা দেয়। এসময় ‘ডগ ফাইটে’ ভারতের একটি মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত করে এর পাইলটকে গ্রেপ্তার করে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের ভেতরে হামলা চালিয়ে ৩০০ জইশ যোদ্ধাকে হত্যার ভারতের দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুসন্ধানে মিথ্যা প্রমাণিত হয়।
পরবর্তীতে পাকিস্তান আটক পাইলটকে ভারতের কাছে ফিরিয়ে দিলে দুই দেশের মধ্যে মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটে।
