মেয়রকে দেখে ৮০ টাকার কাঁচা মরিচ হয়ে গেল ৪২

আপডেট : ১৪ মে ২০১৯, ১২:০৯ এএম

কাঁচা মরিচের কেজি ৮০ টাকা। এই দরে বিক্রি করছেন সকাল থেকেই। দুপুর ১২টায় হঠাৎ বাজারে এলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তাকে দেখে কাঁচা মরিচের দর নেমে এল ৪২ টাকায়। কিন্তু পার পেলেন না সেই ব্যবসায়ী। ধরা পড়ে গেলেন এবং ১৫ হাজার টাকা জরিমানা গুনলেন।

গতকাল উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের চিত্র এটি। এদিন বাজারের নিত্যপণ্যের মূল্য যাচাইয়ে আকস্মিক পরিদর্শনে আসেন আতিকুল ইসলাম। তখন তার সঙ্গে থাকা ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ওই ব্যবসায়ীকে বেশি মূল্যে পণ্য বিক্রির জন্য জরিমানা করেন।

গত কয়েক দিন ধরেই বিভিন্ন বাজারে আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন মেয়র আতিকুল। এদিন দুটি দোকানে বিভিন্ন পণ্যের লেভেল না থাকায় ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি মুদি দোকানকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় দুজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন মেয়রের সঙ্গে থাকা আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় কয়েকটি দোকানে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। মেয়রকে দেখেই তারা পালিয়ে যান। এদিন মেয়রের নির্দেশে রাস্তা ও ফুটপাত থেকে প্রায় ৩০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

ক্রেতাদের মূল্যতালিকা দেখে পণ্য কেনার আহ্বান জানিয়ে এ সময় মেয়র বলেন, ‘নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেওয়া হলে অসাধু ব্যবসায়ীদের আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে। বাজারে সকল পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে।’ তিনি পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করবেন বলে জানান।

এদিকে মেয়রের পরিদর্শন শেষে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখেন। এ সময় উত্তরায় সুপারশপ ‘মীনাবাজারে’ ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় ১ লাখ টাকা এবং ডাল, রসুন ও আদা নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া এবং বিএসটিআইর অনুমোদন না থাকা ও অন্যান্য অভিযোগে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ‘শপ এন সেভ’ নামে আরেকটি সুপারশপে কাঁচা মরিচ ও বেগুন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ও অন্যান্য অভিযোগে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত