পটুয়খালীর রাঙ্গাবালীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়িও হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সবির গাজী। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন আবুর সমর্থকদের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু বলেন, দলীয় কোনো বিষয় নয়, ব্যক্তিগত কোন্দল থেকেই হাতাহাতি হয়েছে। রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুন।
