বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ হয়ে গেছে। পাশপাশি মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশও প্রত্যাহার করেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।
হাইকোর্ট এ মামলার বিচারিক কার্যক্রম ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। মামলা বাতিল চেয়ে মির্জা আব্বাসের করা ফৌজদারি রিভিশন আবেদন সোমবার খারিজ করে এসব আদেশ দেয় হাইকোর্টের এই বেঞ্চ। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
মামলার নথি অনুযায়ী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামীয় প্রতিষ্টানকে ২০০৬ সালে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্ধ দেওয়ার অভিযোগে দুদক ২০১৪ সালের ৬ মার্চ মামলা দায়ের করে। তদন্ত শেষে মির্জা আব্বাসসহ ৫ আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় অভিযোগ করা হয় আসামিরা পরস্পর যোগসাজসে প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকা আত্মসাত করেছেন। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১৬ সালের ৮ ডিসেম্বর মির্জা আব্বাস হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। শুনানি শেষে সোমবার এ আদেশ হলো।
