কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩

আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:০৩ এএম

কক্সবাজার শহর ও টেকনাফে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ৪জন সদস্য আহত হয়েছে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের পাহাড় এলাকার হাজি জহিরের ছেলে সৈয়দুল মোস্তফা ভুলু (৪২), টেকনাফ শামলাপুর রোহিঙ্গা জামতলি ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুল সালাম (২৬) ও ২৩ নং ক্যাম্পের আব্দুল রহিমের ছেলে আজম উল্লাহ (২০)।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- টেকনাফ থানা পুলিশের এএসআই জহিরুল, কনস্টেবল মোবারক হোসেন, মানিক মিয়া ও কায়রুল।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, সোমবার রাতে পুলিশের হাতে আটক শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সৈয়দুল মোস্তফা ভুলুকে নিয়ে শহরের কাটা পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ভুলুর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। এর আগে সোমবার রাতে নিজ এলাকা থেকে সন্ত্রাসী ভুলুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সোমবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের সঙ্গে রোহিঙ্গা মানব পাচারকারীদের গোলাগুলোর ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন মানব পাচারকারীদের আহত অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুইটি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের ৪জন সদস্য আহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত