ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাফিজুর রহমান তিতাস মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়ার চাঁনমারী গ্রামের নাবুর আখক্ষেতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ ১৭ মামলার পলাতক আসামি। তিতাস ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চাঁনমারী গ্রামে একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
গোলাগুলিতে তিতাস আহত হন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
