হুমকির তিন দিন পর কবি হেনরী স্বপন গ্রেপ্তার

আপডেট : ১৪ মে ২০১৯, ০৬:১১ পিএম

কবি হেনরী স্বপনকে প্রাণনাশের হুমকির তিন দিন পর একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ কবি হেনরী স্বপনকে গ্রেপ্তার করে। গত ১১ মে কবি লেখক হেনরী স্বপণকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে অজ্ঞাতনামারা তার বাসভবনে গিয়ে ওই হুমকি দেয়।

কবি হেনরী স্বপন মাসিক ইতিবৃত্ত পত্রিকার সম্পাদক এবং একজন মুক্তমনা লেখক হিসেবে কবিতা ও মন্তব্য প্রতিবেদন লেখেন।

পুলিশ জানায়, কবি হেনরী স্বপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ফাদার মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়ার আগে গত সোমবার হেনরী স্বপন জানিয়েছেন, শ্রীলঙ্কার হামলার ঘটনার পর গোটা দেশ যখন শোকে বিহ্বল, তখন বরিশাল চার্চের এক ফাদার আনন্দ অনুষ্ঠান করছিলেন। এই বিষয় নিয়ে তিনি একটি মন্তব্য প্রতিবেদন করেন। এতে ক্ষিপ্ত হন খ্রিষ্টান সম্প্রদায়ের একাংশ। এরপরই নানাভাবে হেনরী স্বপনকে হুমকি-ধমকি দিতে থকেন তারা। গত ১১ মে আনুমানিক রাত আড়াইটার দিকে তার বাসার জানালায় দাঁড়িয়ে অজ্ঞাত দুই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি সগোত্রীয় (খ্রিষ্টান ধর্মাবলম্বী) লোকদের বিরুদ্ধে লেখালেখি বন্ধের নির্দেশ দেয়। অন্যথায় অঙ্গহানি ও প্রাণনাশের হুমকি দেয় তারা। একই সঙ্গে তাকে বরিশাল ত্যাগেরও হুমকি দেওয়া হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লাকা বালিয়েজ গোমেজ কবি হেনরী স্বপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে দুপুর সোয়া দুইটায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কবি হেনরী স্বপনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, ‘মুক্তমনা লেখকদের নিরাপত্তা দেওয়া সবার দায়িত্ব। এটি উদ্বেগের বিষয় যে হেনরী স্বপনের বাসায় গিয়ে কেউ হুমকি দিয়েছে। আবার তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি হেনরী স্বপনের নিঃশর্ত মুক্তি চাই। একই সঙ্গে এই ঘটনার নিন্দা জানাই।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল বলেন, একজন কবি তো তার কবিতায়ও অনেক বক্তব্য উপস্থাপন করেন। ফাদারের বিরুদ্ধে কি লিখেছেন সেটা বড় হওয়া উচিত নয়। একজন কবিকে মামলা দিয়ে হয়রানি করা কোনোভাবেই সঠিক হয়নি। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এ ছাড়াও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ বরিশাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ, বরিশাল নাটকসহ বিভিন্ন সংগঠন।

এদিকে কবি হেনরী স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যা সাতটায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ওই কর্মসূচি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত