ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পেলেন কোনো নারী। এমন কীর্তি গড়েছেন ভারতের জিএস লক্ষ্মী। আইসিসি তাকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে।
এ মাসের শুরুতে ছেলেদের ক্রিকেটে প্রথম কোনো নারী হিসেবে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাককে। এবার থেকে ছেলেদের ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবেও থাকবে নারীদের অংশ গ্রহণ।
৫১ বছরের লক্ষ্মী ২০০৮-০৯ মৌসুমে মেয়েদের ঘরোয়া ক্রিকেটে প্রথমবার ম্যাচ রেফারি হিসেবে কাজ করেন। এরপর তিনটি নারী আন্তর্জাতিক ওয়ানডে ও তিনটি নারী টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন লক্ষ্মী। খেলোয়াড়ি জীবনে ছিলেন ডান হাতি ব্যাটসম্যান। ভালো বোলিংও করতেন। বিশেষ করে ভালো আউট সুইং করাতে পারতেন তিনি।
আইসিসির ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পেয়ে লক্ষ্মী বলেছেন, ‘‘আন্তর্জাতিক প্যানেলে আমাকে নির্বাচিত করেছে। এটা নিঃসন্দেহে বড় সম্মান।’’
এত দূর আসার পেছনে যারা প্রেরণা জুগিয়েছেন তাদেরও স্মরণ করেছেন লক্ষ্মী, ‘‘আমাকে সমর্থন করার জন্য আইসিসি, বিসিসিআইয়ের কর্মকর্তা, ক্রিকেট অঙ্গনে আমার সিনিয়র, আমার পরিবার ও সহকর্মীদের ধন্যবাদ দিতে চাই। আশা করি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সবার আশা পূরণ করতে পারব।’’
