বগুড়ায় নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন মারুফ ইসলাম পাভেল(৩০) নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ চেলোপাড়া নাইট স্কুল লেনে এই খুনের ঘটনা ঘটে। নিহত পাভেল ওই মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে।
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পাভেল খুন হয়েছে বলে স্থানীয়দের ধারণা। পুলিশ বিষয়টি নিশ্চিত হতে ঘটনার পরপরই নিহত পাভেলের ভগ্নিপতি আবু বক্করকে আটক করেছে।
নিহতের প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে পাভেলের ভগ্নিপতি আবু বক্কর গুলবিদ্ধ অবস্থায় পাভেলকে বাসার তৃতীয়তলা থেকে নিচে নিয়ে আসেন। এরপর তিনি চিৎকার করে বলতে থাকেন ‘পাভেলকে ঘরের মধ্যে গুলি করা হয়েছে’। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানান, এক বছর আগে পাভেলের বাবা মকবুল হোসেব বিপুল পরিমাণ সম্পত্তি রেখে মারা যান। এছাড়া বেশ কয়েক বছর আগে খুন হন পাভেলের বড় ভাই সুমন। বগুড়া শহরে তাদের কয়েকটি বাড়ি ছাড়াও দোকান ঘর রয়েছে। অবিবাহিত পাভেল তার সৎ মার সাথে একই বাড়িতে বসবাস করতো। পাভেলের নিজের এক বোন ঢাকায় বসবাস করে। সৎ তিন বোনের মধ্যে দুই বোন বাবার পৈতৃক বাড়িতেই থাকে। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বোন ও ভগ্নিপতিদের সাথে পাভেলের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে থানায় একাধিকবার সালিশ হয়েছে।
পৌর কাউন্সিলর বলেন, স্থানীয় বাসিন্দাদের ধারণা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিত ভাবে পাভেলকে খুন করা হয়েছে। কারণ বাইরের কেউ তাদের বাড়ির ভেতরে ঢুকে তৃতীয় তলায় ওঠার পর হত্যা করে বের হয়ে যাওয়া কঠিন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সুরতহাল রিপোর্টের সময় পাভেলের তলপেটে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। তাৎক্ষণিক হত্যার কোন কারণ জানা যায়নি। তবে নিহতের ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
