কাজিপুর ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:৫৬ পিএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বিকেলে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলাকালে পুলিশের কাজে বাধা প্রদান, মারমুখী আচরণ ও হামলার অভিযোগে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। সোমবার রাতে কাজিপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন।

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, সোমবার বিকেল ৪টার দিকে চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছিল। লোকজন লাইনে দাঁড়িয়ে কার্ড গ্রহণ করছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সেখানে উপস্থিত হয়ে অবৈধভাবে লাইনের বাইরের লোকজনকে আগে কার্ড প্রদানের জন্য কর্তব্যরত ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। এ নিয়ে আগত ব্যক্তি ও ছাত্রনেতাদের মধ্যে তর্কবিতর্ক ও বিশৃঙ্খলা শুরু হয়। এ অবস্থায় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আবু সায়েম তালুকদারের নেতৃত্ব বেশ কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় আসামিরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গালাগালি ও পুলিশের পোশাক ধরে টানাহেঁচড়া করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ছাত্রনেতারা সেখান থেকে সটকে পড়েন।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। তবে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার ছাড়া আর কোন কোন নেতাকে মামলায় আসামি করা হয়েছেÑ এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি পুলিশ।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, ঘটনার সময় শুধু যে ছাত্রলীগ নেতা আবু সায়েম ভুল করেছে তা নয়। পুলিশেরও অসদাচরণের কারণে গ্রামবাসী তাদের ওপরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এ অবস্থায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় কিছুটা অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত