গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ মে ২০১৯, ১০:০৭ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মিল্টন ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা হাতে হাত ধরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, এজি কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মর্ডান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এম মতিয়ার রহমান বক্তব্য রাখেন। বক্তারা মিল্টন ফকিরের ফাঁসির দাবি জানিয়ে শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গত বৃহস্পতিবার ইফতার শেষে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যান। এ সময় মেয়েটি উঠানে খেলছিল। তখন প্রতিবেশী মিল্টন ফকির শিশুটিকে ফুঁসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শনিবার ভোররাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত