ফতুল্লায় মাজেদ আলী অপহরণ ও হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে আটক করা সুলতান মাহমুদ বাবু (৩৬) এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে র্যাব।
এ নিয়ে মাজেদ হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার অপর দুজন মহিউদ্দিন বুলু (৪২) এবং সোহেল (২১) এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এরমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল গ্রেপ্তার মাহমুদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-১১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মহিউদ্দিন বুলু নামে এক আদম ব্যবসায়ীর কথায় পাবনা থেকে নারায়ণগঞ্জে আসেন মাজেদ। তার কাছ থেকে দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেন বুলু। গত ১০ মার্চ বুলু ঘুরতে যাওয়ার নাম করে মাজেদকে বাসা থেকে ডেকে নেন। পরে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদীতে একটি নৌকায় মাজেদকে হত্যার পর তার লাশ নদীতে ভাসিয়ে দেন।
