আইরিশদের বিপক্ষে এক্সপেরিমেন্ট চালাবে বাংলাদেশ?

আপডেট : ১৫ মে ২০১৯, ০৯:১৫ এএম

দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে এরই মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় পরিণত করেছে তারা। বিশ্বকাপের আগে দলের রিজার্ভ খেলোয়াড়দের ঝালিয়ে দেখতে ম্যাচটা হতে পারে টাইগারদের জন্য এক্সপেরিমেন্ট চালোনোর মঞ্চ।

বুধবার বাংলাদেশ সময় পৌনে ৪টায় ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান টেবিলে সবার ওপরে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্যারিবিয়ানরাই। তাদের কাছে দুই হারে আয়ারল্যান্ড ছিটকে পড়েছে। বাংলাদেশের জন্য এই ম্যাচ তাই আনুষ্ঠানিকতা, ডেড রাবার, এক্সপেরিমেন্টের।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ডাবলিনে আজ সূর্যস্নাত দিনের দেখা মিলবে। ব্যাটিংয়ের দিন। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে তেমন কিছু করতে না পারলেও উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ৩২৭ রান তুলেছিল। তবুও হেরেছে বোলিং দীনতায়।

বিশ্বকাপের আর বাকি দুই সপ্তাহ। এমন সময়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ফর্মে ফিরেছেন। এটা স্বস্তির খবর বাংলাদেশের জন্য। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ফিজ ৬টি করে উইকেট নিয়ে সিরিজে সবার ওপরে। দুই ম্যাচে ৬। কাটার ফিরেছে। রহস্য ফিরছে। এই মোস্তাফিজকেই চায় বাংলাদেশ।

মাশরাফী তো নিজের মতো সেরা। স্পিনে সাকিব আল হাসান নিষ্ঠুর রকমের কিপটে আজকাল। মেহেদী হাসান মিরাজ ওই কন্ডিশনটাকে বুঝতে পারছেন। আরেকজন বোলারের জায়গায় একটু পরীক্ষা হতে পারে। সেখানে অপেক্ষায় রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম হাসানরা।

ব্যাটিংয়ে শীর্ষ থেকে লেট অর্ডার পর্যন্ত বেশ শক্তিশালী। পরীক্ষায় যাওয়ার কথা ভাবার আগে ভাবতে হচ্ছে সাব্বির রহমান দুই ম্যাচ খেললেও এখনো ব্যাটিংয়ের সুযোগ পাননি। সাত নম্বরের এই অবস্থা! বাকি ছয় নির্ভর করার মতো ফর্মে। লিটন দাসকে সরিয়ে সৌম্য সরকার ওপেনিংয়ে দারুণ খেলছেন। আগ্রাসী ব্যাটিংয়ে টানা দুই ফিফটি। তবুও সুযোগ কি মিলবে এবার লিটনের? মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলীও লাইনে। এই ম্যাচে সুযোগ না পেলে ইয়াসিরকে প্রথমবার জাতীয় দলের সঙ্গে সফরটা কেবল পর্যটকের ভূমিকায় শেষ করতে হবে। কিন্তু সবকিছু ভালো চলছে বলেই বাংলাদেশের একটু বাড়তি সতর্ক থাকতে হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গায়।

সাকিব এই ম্যাচে আরেকটি উইকেট পেলেই ৫০০০ রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’ অর্জন করবেন। দ্রুততম হিসাবে বিশ্ব রেকর্ডও গড়বেন। ১৯৮ ম্যাচে হবে তা। সনাথ জয়াসুরিয়া (৩০৪), শহিদ আফ্রিদি (২৭৩), জ্যাক ক্যালিস (২৯৬), আবদুল রাজ্জাকরা (২৩৪) সাকিবের চেয়ে ঢের বেশি ম্যাচ খেলার পরই ওটা করতে পেরেছিলেন।

বাংলাদেশ ধারে-ভারে দুর্দান্ত বলে বাড়তি চিন্তা আইরিশদের। তাদের যে উইন্ডিজ পাত্তা দেয়নি সেই দলকে পাত্তা না দিয়ে ক্লিনিক্যাল পারফরম্যান্সে জিতছে বাংলাদেশ। তাছাড়া আয়ারল্যান্ডের বিদঘুটে একটা সমস্যা। এই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং দারুণ হলো। ব্যাটিংয়ে ডুবল। ব্যাটিং-বোলিং ডোবাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও। আবার শেষ ম্যাচটিতে অ্যান্ড্রু বালবিরনি ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেললেন। অভিজ্ঞ পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন করলেন ফিফটি। কিন্তু সেই ম্যাচে বোলিং অসহায়। ধারাবাহিকতা নেই। ফাইনালে খেলার প্রেরণাও নেই। তারপরও আইরিশরা হতে পারে বিপজ্জনক। কারণ, ব্যাটিং-বোলিং একটা বিন্দুতে এসে মিলছে না বলে ভিন্ন ভিন্ন অঙ্কে হার মানতে হচ্ছে। সেই অঙ্কের সমাধানের দিনটাই খুঁজছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত