ঝিনাইদহের কালীগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক লীগ অফিসের মধ্যে বসে ফেনসিডিল ও ইয়াবা বিক্রির সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশীদ নান্নুকে (৫০) হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে।
বজলুর রশীদ নান্নু কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ফয়লা বোর্ড স্কুল পাড়ার বাসিন্দা।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শহরের কালীবাড়ীর কাছে স্বেচ্ছাসেবক লীগের অফিসে মাদক বিরোধী অভিযান চালান। সে সময় স্বেচ্ছাসেবক লীগ অফিসে বসে মাদক বিক্রির সময় ৩০ পিচ ইয়াবা পাঁচ বোতল ফেনসিডিলসহ বজলুর রশীদ নান্নুকে হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
