বগুড়ায় নতুন কমিটি ঘোষণায় ক্ষোভ, বিএনপি কার্যালয়ে তালা

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:৪৩ পিএম

কেন্দ্র থেকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় একপক্ষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বুধবার রাত ৮টায় জেলা বিএনপি কার্যালয়ের তালা ঝুলিয়ে দেন। এছাড়া, নতুন আহ্বায়কের কুশপুত্তলিকা পুড়িয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ নেতা–কর্মীরা।

বুধবার দুপুরে কেন্দ্র থেকে সাবেক এমপি জিএম সিরাজকে আহ্বায়ক করে বগুড়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

একাংশের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং নতুন আহ্বায়কের কুশপুত্তলিকা পোড়ায়।

বিক্ষোভ চলাকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি দেওয়া সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু প্রমুখ সেখানে বক্তব্য দেন। তারা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে ঘোষণা দেন। সেই সঙ্গে জি এম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বুধবার দুপুরে প্রথমে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে জিএম সিরাজকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অপর এক চিঠিতে ওই তিনজনের পদ ঠিক রেখে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর থেকেই দলের নেতা–কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু বলেন, জিএম সিরাজ ছিলেন সংস্কারপন্থী নেতা। দলের জন্য তার কোন শ্রম বা ত্যাগ নেই; অপর দুই যুগ্ম আহ্বায়কও দলের জন্য কিছু করেননি। এ কারণে দলের ত্যাগী নেতারা তাদের মেনে নেবেন না।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি কিছু কর্মী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেছে। পদ-বঞ্চিতদের সমর্থকদের মাঝে ক্ষোভ থাকাই স্বাভাবিক, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত