বরগুনা পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান দালাল আটক, জরিমানা

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:০১ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হেল্প লাইন ১০৬-এ এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বরগুনা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আবু জাহের নামের এক দালালকে আটক করেছে দুদক। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আবু জাহের বরগুনা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

সুত্র জানায়, বুধবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসেন মো. মিঠু নামের এক ব্যক্তি। তারা তাদের গ্রাম্য দালালের মাধ্যমে বরগুনার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসের অফিস সহকারী আবু জাহেরের শরণাপন্ন হয়। এ সময় আবু জাহের সকল কাগজপত্র গোছানো ও পাসপোর্ট করে দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা দাবি করে। গ্রামের মানুষ কিছু না বুঝেই তার কাছে পাঁচ হাজার টাকা দেয়। এর কিছুক্ষণ পর সেখানে অভিযান চালায় দুদক। এ সময় তারা জানতে পারে পাসপোর্ট করার জন্য সরকারিভাবে টাকা লাগবে ৩ হাজার ৫০০ টাকা। তারা তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় দুদক টিমের কাছে অভিযোগ করেন। দুদক এ সময় আবু জাহেরকে জিজ্ঞাসাবাদ করলে আবু জাহের টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. জাকির হোসেনের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, আবু জাহেরের বিরুদ্ধে এর আগেও এরকম দালালির অভিযোগে তাকে মৌখিকভাবে সতর্ক করে প্রশাসন।

বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে তার বিরুদ্ধে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন বলেন, দুদকের হেল্পলাইন ১০৬-এ ফোন করে বরগুনা থেকে কোনো এক ব্যক্তি বরগুনার পাসপোর্ট অফিস ও বিআরটিএর শাখা অফিসে দালাল চক্র সক্রিয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় বরগুনার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় এক ভুক্তভোগী। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত