সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙ্গার কারখানায় আগুন লেগে এক শ্রমিকের মৃত্যু ও পাঁচজন দগ্ধ হয়েছে। গতকাল বুধবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক মো. রুবেলের (২৭) বাড়ি নোয়াখালীর সেনবাগে।
দগ্ধরা হলেন মো. মাসুদ (১৯), মো. মামুন (৩২), আল আমিন (২৭), মোহন (২৪) ও কামরুল (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।’
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা বলেন, ‘সকাল সাড়ে ৮টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’ তিনি বলেন, অক্সি-অ্যাসিটিলিন শিখা দিয়ে জাহাজ কাটছিলেন শ্রমিকরা। এ সময় আগুনের স্ফুলিঙ্গ পরিত্যক্ত তেলে পড়লে মুহূর্তে তা পুরো কক্ষে ছড়িয়ে পড়ে।
