টেকনাফে পুলিশ-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:২৩ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশ-বিজিবি’র যৌথ অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ সিরাজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বেড়িবাঁধের ৪নং স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজ মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে টেকনাফ পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান চালান।

এসময় সাবরাং বেড়িবাঁধের নাফ নদীর ৪ নং স্লুইস গেট এলাকায় পৌঁছালে একদল ইয়াবা কারবারি যৌথবাহিনীর ওপর হামলা চালায়। এসময় পুলিশ-বিজিবি’র সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নৌকা নিয়ে অন্যান্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় শনাক্ত করেন স্থানীয়রা। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত