ঘুষ না দেওয়ায় পিকআপ ভর্তি ডিম রাস্তায় ফেলে দিল পুলিশ!

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৪০ পিএম

ঘুষ না দেওয়ায় পিকআপে থাকা প্রায় পৌনে তিন লাখ টাকার ডিম রাস্তায় ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে নাটোরের বনপাড়া হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নষ্ট হয়ে যাওয়া ডিমের মালিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মেসার্স প্রীতিমণি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব কুমার সাহা জানান, বৃহস্পতিবার ভোরে একটি পিকআপে করে ৩৫ হাজার ১০০ ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নাটোর যাচ্ছিলেন তিনি। পথে বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় পিকআপটি চাকা ফেটে হয়ে গেলে সেটি পাশের ফিডার রোডে নেমে যায়।

তিনি জানান, খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা পিকআপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে।

'চালক এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা পিকআপে ডিমের খাঁচি বাধার রশি চাকু দিয়ে কেটে দেয়। এতে ডিমের খাঁচি রাস্তায় পড়ে অধিকাংশই ভেঙে নষ্ট হয়ে যায়।'

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুকুরের পাহারাদার শহীদুল ইসলাম ও আতাহার আলী জানান, চালক-হেলপার বারবার নিষেধ করা সত্ত্বেও পুলিশ পিকআপের রশিগুলো কেটে দিয়েছে। রশি না কাটলে ডিমগুলো নষ্ট হতো না।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার রশি কেটে ডিম ফেলে দেয়ার বিষয়টি সঠিক নয় দাবি করে জানান, পিকআপটি ‘কাত হয়ে’ ডিম পড়ে নষ্ট হয়ে গেছে।

তবে রশির কাটা টুকরো রাস্তায় পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো রেকারের লোকেরা কাটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত