বান্দরবানে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে অব্যবহৃত গোলা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ সৈনিক।
শুক্রবার সকাল সোয়া দশটার দিকে বান্দরবান সদরের হলুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম। আহতদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত রাইফেলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সেনা রিজিয়ন সূত্র জানায়, সকালে বান্দরবানে বাংলাদেশ মিলিটারি ট্রেনিং এরিয়ায় (বিএমটিএ) প্রশিক্ষণ চলাকালে গোলা নিক্ষেপের পর অব্যবহৃত গোলা যাচাই-বাছাই করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে এক সৈনিক ঘটনাস্থলে নিহত ও আহত হন আরও ৯ জন।
প্রশিক্ষণ কেন্দ্রটি বান্দরবান সদর থেকে ১০ কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে অবস্থিত।
