রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ফ্লাই ওভারের উপরে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিহাব নামের পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার মা, নানিসহ ৪জন।
শুক্রবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিশুটির পাতলা পায়খানা হওয়ার কারণে হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় তার স্বজনরা।
নিহত শিশুর মামা মো. সুমন জানান, শিশুটির বাবা রাসেল মিয়া ও মা শারমিন আক্তার নারায়ণগঞ্জ পাগলা বউবাজার এলাকায় থাকে। শিশুটির বাবা রুলিং মিলে চাকরি করে আর মা গৃহিণী। একমাত্র ৫ মাসের শিশু সন্তান সিহাবের পাতলা পায়খানা হওয়ায় চিকিৎসার জন্য শিশুটির পরিবার গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ নানির বাসায় যায়। সেখান থেকে ভোরে মা শারমিন আক্তার (২০), নানি মলি বেগম (৫০) ও মামা আল আমিন (২৫) সিএনজি নিয়ে মহাখালী কলেরা হাসপাতালে যাচ্ছিল। দুর্ঘটনায় এই ৩ জনসহ সিএনজি চালক শাহাদত ও (৩০) আহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হান্নান মিয়া বলেন, সিএনজিটি মগবাজার উড়াল সড়ক থেকে সাতরাস্তায় নামার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক, শিশুসহ ৫ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। সিএনজি চালক শাহাদতের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। ঢাকার সায়েদাবাদ এলাকায় থাকে এবং ভাড়ায় সিএনজি চালায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় আহত শারমিন, মলি বেগম ও শাহাদত হাসপাতালে ভর্তি আছে। আর আল আমিনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সিএনজি চালক শাহাদত ও মলি বেগমের অবস্থা গুরুতর।
