ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আমি নিজেও কোনো অন্যায় করব না, দলের কাউকেও অন্যায় করতে দেব না। বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় নবনির্মিত হাজী আলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদের মোতাওয়াল্লি ইউএনও শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন।
