অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন কেউ একটা অনলাইন খুলে ৫ জনের হাতে সাংবাদিকতার কার্ড তুলে দিচ্ছেন। এদের কেউ কেউ এসব কার্ড ব্যবহার করে অপকর্মে যুক্ত হয়ে সাংবাদিকতা পেশার অমর্যাদা করছে’।
সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় এসব অনলাইন গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসমূহকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
শনিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমে অনুসন্ধানী রিপোর্টের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক রিপোর্ট সমাজে তৃতীয় নয়ন খুলে দেয়। এ ধরনের রিপোর্টের জন্য সংশ্লিষ্ট রিপোর্টারকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সমাজ পরিচালনা ও উন্নত জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বস্তুগত উন্নয়নের মাধ্যমে অবকাঠামো তৈরি করা হয়। কিন্তু উন্নত জাতি গঠন ভিন্ন বিষয়। উন্নত জাতি গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজে সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন। বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সাংবাদিক কর্মশালায় অংশ নেন।
