মসজিদের দানবাক্সের ৫ টাকা আত্মসাতের অভিযোগ তুলে খুন হয়েছেন এক বৃদ্ধ।
তার নাম বাদল সরদার (৬৫)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
সদর থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিবদমান দুই পক্ষে মধ্যে প্রথমে ইফতারি খাওয়া নিয়ে বিবাদ বাধে। পরে তা নিজেরাই মীমাংসা করতে মাগরিবের নামাজের পর সালিস বৈঠক হয়। সেখানেও মীমাংসা না হলে তারাবির নামাজের পর সালিসের সিদ্ধান্ত হয়।
তারা জানান, এ সময় বাদল সরদার বলেন যে মসজিদের দান বাক্সের ৫ টাকা সফর সরদার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ নিয়ে বাদল সরদার ও সফর সরদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তারাবির নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ আরো জানায়, সফর সরদার ও তার ছেলেদের আক্রমণে মাথায় আঘাত পেয়ে বাদল সরদার মারাত্মক আহত হন। আহত বাদল সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম ফক্কু সরদার। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
