এসএসসিতে জিপিএ ৫ পাওয়া নীলফামারীর সৈয়দপুরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের চার কৃতি ছাত্রীকে সোনার দুল উপহার দিলেন সৈয়দপুর পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার।
শনিবার সকাল ১১টার দিকে ওই চার কৃতি ছাত্রীকে সৈয়দপুর পৌরসভায় ডেকে এনে প্রত্যেকের কানে স্বর্ণের দুল পড়িয়ে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পৌর মেয়র আমজাদ হোসেন সরকার।
এ সময় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র কাজী জাহানারা বেগম, ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব জানান, প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন কৃতিত্বের সাথে পাশ করেন। এর মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন চার জন, জিপিএ-৫ পেয়েছেন ১১জন।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত চারজন যথাক্রমে মারজিয়া, সুমাইয়া সানজিদা, মুসকান, নাদিয়া সিদ্দিকা নেহা।
তিনি বলেন, শনিবার সকালে ওই চার কৃতি ছাত্রীকে প্রতিষ্ঠানে ডেকে এনে প্রত্যেকের কানে এক জোড়া করে স্বর্ণের দুল পড়িয়ে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার।
সৈয়দপুর পৌর মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন সরকার বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করলে প্রতিষ্ঠানের সুনাম হয়। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে হলে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে হবে। আগামীতে এই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ায় একে অপরের প্রতিযোগী হিসেবে গড়ে উঠবেন। আর যারাই এই প্রতিষ্ঠানের হয়ে এসএসসি কিংবা এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করবেন তারা প্রত্যেককে স্বর্ণের দুল উপহার পাবেন।
