আসন্ন বর্ষা সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে রাজধানীর কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এর ফলে কালশীবাসী বর্ষাকালে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তার উদ্যোগে এ ড্রেন নির্মাণে ব্যয় ধারা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
শনিবার দুপুরে ড্রেন নির্মাণের অগ্রগতি দেখতে কালশী এলাকা পরিদর্শনে মেয়র বলেন, ইতিমধ্যে ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, আশা করা হচ্ছে, এই পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশীবাসী বর্ষাকালে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে।
