আইন আদালতের প্রতি দেশের মানুষের এখন আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা আদালত অবমাননা করে বক্তব্য দেওয়ায় জনগণের কাছে আইন আদালতও হেয় প্রতিপন্ন হচ্ছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দানবের বিরুদ্ধে মানববন্ধন যথেষ্ট নয় মন্তব্য করে গয়েশ্বর বলেন, সরকারের কাছে কাকুতি-মিনতি করে খালেদা জিয়ার মুক্তি আসবে না। রাজপথের আন্দোলন সংগ্রামই তাকে মুক্তির একমাত্র পথ। আর আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে জেল জুলুমের ভয় করলে চলবে না। আন্দোলন করতে গেলে জেল আসবে জুলুম আসবে। এসবকে মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
‘টাকা হলে আইন আদালত কেনা যায়’-আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আদালত অমান্য করে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সরকার বিরোধীদের কেউ দিলে তাকে জেলখানায় থাকতে হতো। কিন্তু সরকারি লোক হওয়াতে নাসিম সাহেবরা এসব কথা অকপটে বলতে পারছেন।
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি জেবা খান, পিয়ারা বেগম প্রমুখ।
