বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরের নির্বাচনের মহা জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করে দেশে সংকট সৃষ্টি করেছে। একটি কৃত্রিম সরকার তৈরি করে দেশ চালানো জনগণ মেনে নেবে না। সরকারের সাজানো কাঠামো ভেঙে দিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।
শনিবার চট্টগ্রামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ বলেন দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই ও মানুষের কথা বলার অধিকার নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘বেআইনীভাবে’ কারাগারে বন্দি করে রেখেছে। তার পছন্দমতো চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে জোর করে পিজি হাসপাতালে ভর্তি করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। এ অবস্থায় কেউ বসে থাকতে পারে না।
নগরীর পাঁচলাইশের শায়লা স্কয়ার কমিউনিটি সেন্টারে অধ্যাপক ডা. আব্দুল আলিমের সভাপতিত্বে চিকিৎসক সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও বার কাউন্সিলর সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এমএ আজিজ, শফিকুর রহমান স্বপন, ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. আব্বাস উদ্দিন, জাহিদুল করিম কচি, অধ্যাপক নসরুল কদির প্রমুখ।
