আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন। গত ৯ মে তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা হাটবাজার, পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ শুরু করে দিয়েছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়ে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চাইছেন।
জেলার মির্জাপুর, ভাওয়ালগড়, পিরুজালী ও বাড়িয়া ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে মনোনয়ন-প্রত্যাশীদের তদবির, দৌড়ঝাঁপ।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের মধ্যে আগ্রহের কমতি না থাকলেও বিএনপি নেতাকর্মীরা এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। দলের পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে জল্পনা রয়েছে। এদের মধ্যে অন্যতম বিএনপি নেতা সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন-প্রত্যাশী হিসেবে এবার যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন সরকার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিয়ারত হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মৌসুমী রেজা বৃষ্টি, মহিলা নেত্রী সঙ্গীতা আলম সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সদর উপজলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, প্রার্থিতা যাচাই-বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। উপজেলায় মোট ভোটারসংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ৫৮ হাজার ৫১৮ জন।
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
