কৃষকদের কাছ থেকেই ধান কিনতে হবে: জিএম কাদের

আপডেট : ১৯ মে ২০১৯, ০১:৪৩ এএম

কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরকারকে ধান কেনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গতকাল শনিবার দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিলমালিক নয়, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উৎপাদিত উদ্বৃত্ত ধান নির্ধারিত ন্যায্যমূল্যে কিনতে হবে। প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করে ধান রাখতে হবে।’

জিএম কাদের বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চাল রপ্তানি ভবিষ্যৎ খাদ্য সংকটের ঝুঁকি বহন করে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ত্বরিত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’ বোরো ধানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘হতাশ কৃষকরা বোরো মৌসুমে ধান কাটছে না। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে জানা যাচ্ছে, প্রতি মণ ধান উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ৯০৬ টাকা ৫০ পয়সা। কিন্তু বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা। আবার ধান কাটতে একজন কৃষিশ্রমিককে তিন বেলা খাবারসহ মজুরি বাবদ খরচ হয় ৬০০ থেকে ১,০০০ টাকা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত