সাইনবোর্ডে আ. লীগ নেতাদের ছবি ব্যবহার করে ছাত্রদল কর্মীর চাঁদাবাজি

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:৫৭ পিএম

নারয়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর তালতলা বাস স্ট্যান্ড এলাকায় ‘একতা যুবসংঘ’ সংগঠনের নামে সাইনবোর্ডে আওয়ামী লীগ নেতা কর্মীদের ছবি ব্যবহার করা হলেও  এ সংগঠনের বেশিরভাগ নেতা কর্মীরা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

রবিবার সকালে তালতালা বাস স্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘একতা যুবসংঘ’র একটি সাইনবোর্ড টানিয়ে অফিস কার্যালয় চালু করা হয়েছে। ওই সাইনবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি ব্যবহার করা হয়েছে।

‘একতা যুব সংঘ’র সভাপতি স্থানীয় ব্রাক্ষনবাওগা গ্রামের বিএনপি নেতা আলী আকবরের ছেলে কামাল হোসেন। কামাল হোসেন ও তার বাবা আলী আকবরের বিরুদ্ধে জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা ও গাড়িতে অগ্নি সংযোগসহ তিনটি মামলা রয়েছে।

কামাল হোসেনের বড় ভাই ওই সংগঠনের কর্মী দৌলত মিয়া ও রমজান মিয়া সংগঠনের নাম ভাঙিয়ে তালতলা এলাকায় সিএনজি, অটোরিক্সা, বাসসহ বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা উত্তোলন করেন।

অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লিগের নাম ভাঙিয়ে কতিপয় ছাত্রদলের নেতা কর্মীরা আওয়ামী লীগের ব্যানারে এলাকায় আধিপত্য বিস্তার, বালু ব্যবসা নিয়ন্ত্রণই হচ্ছে তাদের মূল টার্গেট।

ইতোমধ্যে তালতলা এলাকায় অবস্থিত প্রাইম লুব অয়েল লিমিটেড নামে একটি কারখানার বালু ভরাট নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংগঠনের মদদ দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান নামে এক ব্যক্তি।

এলাকাবাসীরা জানায়, বিএনপির কতিপয় ব্যক্তি আওয়ামী লিগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানোর ফলে স্থানীয় আওয়ামী লিগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

একতা সংঘের নামে বিভিন্ন অভিযোগ থাকায় এলাকাবাসীরা ইতোমধ্যে এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জানান, এই সংগঠনের মূল লক্ষ হলো চাঁদা উত্তোলন, বালুভারাট ও জমির ব্যবসা পরিচালনা করা।

অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, দল মত নির্বিশেষে আমরা এ সংগঠনটি করেছি।

সাইনবোর্ডের আওয়ামী লীগের নেতাদের ছবি লাগানোর বিষয়ে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া জানান, তালতলা এলাকায় একটি সংগঠনের নামে বিএনপি ও ছাত্রদলের কতিপয় লোক আমাদের দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের বিষয়ে আমরা অবগত হয়েছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি সংগঠনের নামে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ইতিপূর্বে বালু ভরাট নিয়ে একতা সংঘের লোকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত