ন্যায্য দামে কৃষকের ধান কিনতে সরকারকে আইনি নোটিশ

আপডেট : ১৯ মে ২০১৯, ১১:৫১ পিএম

সরাসরি ন্যায্য ও নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান কিনতে খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইমদাদুল হক সুমন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা, চাল আমদানির অনুমতি বাতিল করা এবং চাল রফতানির অনুমতি দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।  একই সঙ্গে কৃষকেরা যেন ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করতে সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

নোটিশে অতিদ্রুত নির্ধারিত এক হাজার টাকা, ১১শ’ টাকা ও ১২শ’ টাকা মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এবং সরকারের নির্ধারিত মিল কর্তৃপক্ষকে ধান কিনতে বলা হয়েছে। 

নোটিশকারী আইনজীবী বলেন, ‘দেশে ইরি-বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধানের ন্যায্যমূল্য কৃষকরা পাচ্ছেন না। যে কারণে কৃষকরা ধান চাষ থেকে মুখ  ফিরিয়ে নিচ্ছেন। ধানক্ষেতে আগুন দিচ্ছেন। কৃষকরা আগামীতে ধানচাষ করবেননা বলে ঘোষনা দিচ্ছেন। এখন কৃষকরা যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে সেটি দেশের জন্য মঙ্গলজনক হবে না। এ কারনেই এ নোটিশ পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত