উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার সাফল্যের পর ভারতীয় সামরিক বাহিনীর আরেকটি সফল অভিযান উঠে আসছে বড় পর্দায়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর অভিযান নিয়ে এ সিনেমা বানাচ্ছেন ভূষণ কুমার।
মুম্বাই মিরর জানায়, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫ ডিসেম্বর রাতে অ্যাডমিরাল সরদারিলাল মাথরাদাজ নন্দের নেতৃত্বে করাচি বন্দরে এ অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী।
পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ততকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) যুদ্ধের প্রেক্ষাপটে করাচিতে এ হামলা চালায় ভারত। এ যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসাবেই দাবি করে থাকে নয়াদিল্লি।
যুদ্ধে জলপথে পাকিস্তান বাহিনীকে দুর্বল করে দিতে অপারেশন ট্রাইডেন্ট নামে এ সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এ প্রসঙ্গে ভূষণ কুমার বলেন, “কোনো ধরনের হতাহত এড়িয়েই অত্যন্ত সুকৌশলী ও দুঃসাহসিক অভিযান ছিল এটি।”
২০২০ সালের মাঝামাঝিতে এ সিনেমার শুটিং শুরু হতে পারে বলে তিনি জানান। এর আগে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এটির স্ক্রিপ্ট চূড়ান্ত হবে। সিনেমাটির পরিচালনা করবেন রাজনীশ ঘাই।
